News on SFC 26

News on SFC 26
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো Sociology Football Championship (SFC) Season 4 এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান: শিরোপা জিতল Game Changer
 
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত Sociology Football Championship-2026-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গভীর উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আনন্দ, উচ্ছ্বাস ও পারস্পরিক সৌহার্দ্যের আবহে সমগ্র আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
 
সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর  প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন SFC Season 4-এর কনভেনর সরকার তামজীদ রহমান, আয়োজক কমিটির সদস্য তানিয়া মাহ্জাবিন, মো. বকুল হোসেন, জামিল হোসেন, কেশব চন্দ্র বিশ্বাস ও ফাইয়াজ আহমেদ, বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং প্রাইজ মানি স্পন্সর Dialogue English & Skills Center-এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর মি. টিম হল ও তাঁর দল।
 
গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী Dynamic Shooters ও Game Changer। সমগ্র টুর্নামেন্টজুড়ে নিজেদের সামর্থ্যের স্বাক্ষর রেখে উভয় দলই দাপটের সঙ্গে ফাইনালে উন্নীত হয়।
 
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সোহাগের অনবদ্য নৈপুণ্যে Game Changer ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলটি প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা ছিনিয়ে নিয়ে সবাইকে চমকে দেয়।
 
ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়, উপস্থিত দর্শক ও অতিথিবৃন্দের উদ্দেশে স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের  সম্মানিত   কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন। তাঁর বক্তব্যে তিনি SFC Season 4 সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কনভেনর সরকার তামজীদ রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, সহকারী প্রক্টর ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমিটির আহ্বায়ক মো. বকুল হোসেন।
 
এরপর প্রাইজ মানি স্পন্সর Dialogue English & Skills Center-এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর মি. টিম হলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন। তিনি আয়োজক কমিটির সদস্যদেরও ক্রেস্ট প্রদান করেন।
 
পরবর্তীতে উভয় দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ খেতাবজয়ী খেলোয়াড়দের হাতেও ক্রেস্ট তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের নির্বিঘ্ন পরিচালনায় অবদান রাখায় স্বেচ্ছাসেবক ও রেফারিদের আয়োজক কমিটির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
 
এরপর রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অতিথিবৃন্দের হাত থেকে যথাক্রমে ট্রফি ও প্রাইজমানি চেক গ্রহণ করেন।
 
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ গোল্ডেন বল জয় করেন Game Changer দলের সোহাগ, গোল্ডেন গ্লাভস পান একই দলের মেহেদী এবং গোল্ডেন বুট অর্জন করেন Socio Strikers দলের রাবি। ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) নির্বাচিত হন সোহাগ।
 
সমাজবিজ্ঞান বিভাগ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন বারবার করতে আগ্রহী। কারণ, এ জাতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এগুলো শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলগত চেতনা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।