বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক “Shaping Your Future: Pathways to Corporate and NGO Jobs for Law Graduates” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত সেমিনারটি রবিবার (১০ আগষ্ট, ২০২৫) বেলা ৩ ঘটিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উক্ত বিভাগের প্রভাষক রাঈসা হোসেন এষণা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ খাদেমুল ইসলাম মোল্যা। এছাড়া উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ড. মো. ফয়জার রহমান। সেমিনারের কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কার্টার সেন্টারের বাংলাদেশ প্রতিনিধি, শাম্মী লায়লা ইসলাম এবং অপর কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাগর তালুকদার, যিনি গ্রামীণফোনের লিগ্যাল সাপোর্টের সাবেক প্রধান ও বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন দক্ষ আইনজীবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ খাদেমুল ইসলাম মোল্যার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর আইনের শিক্ষার্থীদের NGO সেক্টরে ক্যারিয়ার পরিকল্পনা, বিভিন্ন চ্যালেঞ্জ ও দক্ষতা উন্নয়নে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত কি-নোট স্পিকার, শাম্মী লায়লা ইসলাম। এরপর ব্যারিস্টার সাগর তালুকদার বাংলাদেশের কর্পোরেট সেক্টরে আইনের শিক্ষার্থীদের ক্যারিয়ারের সমূহ সম্ভাবনা ও সফল পেশাদারী জীবন গঠনে এবং উত্তরোত্তর উন্নয়নের সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ব্যারিস্টারি ডিগ্রী অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা পেশাদার জীবন শুরু করার আগে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষাংশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা ও শিক্ষকমণ্ডলী সরাসরি প্রশ্ন করেন এবং সম্মানিত বক্তারা আন্তরিকতার সাথে তাদের উত্তর প্রদান করেন। পরিশেষে, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ সন্মানিত কি-নোট স্পিকারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।