বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে 'মিট দ্য ফিল্ম মেকারস' শীর্ষক সেমিনারে এসেছিলেন আলোচিত ও জনপ্রিয় ওটিটি সিরিজ 'শাটিকাপ' ও 'সিনপাট' এর নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। সোমবার (১০ নভেম্বর) বিকেলে সিনেট হলে জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্ট্যাডিজ (জেসিএমএস) বিভাগের এই আয়োজনে যোগ দেন তিনি ও ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের কলাকুশলীরা।
জেসিএমএস বিভাগের শিক্ষক মোহা. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ। তিনি বলেন,'শিক্ষার্থীদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। যে কারণে গণযোগাযোগের বিভিন্ন জায়গায় যারা সরাসরি কাজ করছেন তাদের সাথে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য সেমিনার ও কর্মশালাসহ নিয়মিত বিভিন্ন আয়োজন করা হয়।'
শিক্ষার্থীদের সাথে গল্প খোঁজা, চিত্রনাট্য তৈরি, সিনেমা নির্মাণ, নির্দেশনা, বিপনন ও প্রদর্শনের খুঁটিনাটিসহ বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এই চলচ্চিত্র নির্মাতারা।
চলচ্চিত্রের বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি জানান, 'প্রযুক্তি এখন সবার হাতে হাতে; তাই যে কেউ যেকোন জায়গা থেকে চলচ্চিত্র নির্মাণ করতে পারেন।'
আগামী ১৪ নভেম্বর রাজশাহীসহ সারা দেশে মুক্তি পাচ্ছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেলুপি।
তাওকীর আরো বলেন, বিভিন্ন দেশেই রাজনৈতিক সিনেমা হয়। দেলুপির গল্পে যেমন রাজনীতি আছে, তেমনই আছে ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রামসহ নানান বাস্তবতা।'
সেমিনারে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার গোলাম রাব্বানী, জেসিএমএস-এর শিক্ষক সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মণ্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা এবং ফাতেমা-তুজ-জোহরা।