বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্প্রিং-২০২৬ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্প্রিং-২০২৬ অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিএসএস (সম্মান) ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান ও সম্মানিত রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন।
 
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম মিথিলা এবং ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতেই ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। এরপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ২য় সেমিস্টারের শিক্ষার্থী সুমাইয়া তাসনিম শোভা। তারপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে স্টুডেন্ট হ্যান্ডবুক তুলে দেয়া হয়। আলোচনা পর্বের শুরুতেই সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের শিক্ষার্থী মৃণাল কান্তি নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা প্রদান করেন। তারপর ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের পক্ষ থেকে ইসমাইল হোসেন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও সমাজবিজ্ঞান পরিবারের অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. খালেদ বিন ইউসুফ (অব.) শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলি ও শিক্ষার সমন্বয়ে প্রকৃত মানুষ হয়ে ওঠার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান তাঁর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বলেন, "বর্তমান সময়ে কেবল পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়; প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী জ্ঞান অর্জন অপরিহার্য।" এছাড়া, তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নির্লোভ, সৎ, নীতিবান ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান। সবশেষে, অনুষ্ঠানের সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন তাঁর সমাপনী বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের প্রত্যেককে নিজ নিজ দক্ষতার ক্ষেত্রকে বিকশিত করে ভবিষ্যতে দেশের নেতৃত্বে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিষেক, জনি ও মোনালিসা সংগীত পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন সোমা। এছাড়া সংগীত ও নৃত্য পরিবেশন করেন কনা। সবশেষে, সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রভাষক কেশব চন্দ্র বিশ্বাসের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।