৮ এপ্রিল ২০২৬, নবীন আইনজীবীদের সম্মাননা জানাতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করে আইন ও মানবাধিকার বিভাগ।
২০২৬ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে লাইসেন্সপ্রাপ্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭৯ জন শিক্ষার্থীর এই উল্লেখযোগ্য অর্জনকে কেন্দ্র করে আয়োজনটি বিশেষ তাৎপর্য লাভ করে। একসঙ্গে ৭৯ জন আইনজীবী তৈরির মধ্যে দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে রয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের কো—অর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন আইন ও মানবাধিকার বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা আক্তার। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নবীন আইনজীবীদের পক্ষ থেকে মালিহা আফসারা ও মোছা. ফারমিনা ইয়াসমিন আইন ও মানবাধিকার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি হাফিজুর রহমান খান তাঁর বক্তব্যে নবীন আইনজীবীদের অন্যায়ের পক্ষে অবস্থান না নেওয়ার আহ্বান জানান এবং অনৈতিক উপায়ে অর্থ উপার্জন থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেন। তিনি ৭৯ জন নবীন আইনজীবীর এই সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই নবীন আইনজীবীরা দেশের আইন অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ(অব.), বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। তিনি বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইন শিক্ষায় ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বক্তব্য শেষে অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক হিসেবে পরিবেশবান্ধব জিজি প্ল্যান্ট, এরিকা পাম ট্রি তুলে দেন।