আজ ২৬ এপ্রিল ২০২৬, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক “Unlocking Careers in the Development Sectors: Opportunities and Challenges for Social Science Students” শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বক্তা হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড, যুক্তরাজ্যের প্রোগ্রাম কোয়ালিটি ডিপার্টমেন্টের গ্লোবাল মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং (MEAL) লিড মো. মনিরুজ্জামান।
শুরুতে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন স্বাগত বক্তব্য প্রদান করে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি প্রধান বক্তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারের মূল পর্বে প্রধান বক্তা মো. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বাংলাদেশের এনজিওভিত্তিক ডেভেলপমেন্ট সেক্টরের ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের প্রথমে নিজের লক্ষ্য নির্ধারণ এবং সেই অনুযায়ী পরিকল্পিতভাবে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি তিনি ডেভেলপমেন্ট সেক্টরে কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিশেষ করে গবেষণা দক্ষতা ও ব্যবহারিক জ্ঞানের গুরুত্ব উল্লেখ করেন। তিনি একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং একজন সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এছাড়া তিনি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের সম্ভাব্য কিছু চ্যালেঞ্জ যেমন- ফান্ডিং সংকট, কর্মব্যস্ততা, দক্ষতার ঘাটতি ও নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন।
সেমিনার শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা সেখানে তাদের বিভিন্ন জিজ্ঞাসা উপস্থাপন করেন এবং প্রধান বক্তা সেগুলোর উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানের শেষভাগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান বক্তাকে উপহার এবং সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।