আর্টস ও কালচারাল সেক্টরে চাকরির সুযোগ নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগে সেমিনার অনুষ্ঠিত

আর্টস ও কালচারাল সেক্টরে চাকরির সুযোগ নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগে সেমিনার অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে ''আর্টস ও কালচারাল সেক্টরে ক্যারিয়ারের সুযোগ এবং প্রস্তুতি'' বিষয়ক সেমিনার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (১০ মে ২০২৬) বেলা ১২টা থেকে ১.৪৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০৮ নম্বর রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন গবেষক ও আর্ট ডিরেক্টর সৌরদীপ দাশগুপ্ত। ফিচার ও ক্রিয়েটিভ রাইটিং কোর্সের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সৌরদীপ দাশগুপ্ত তার দীর্ঘ ক্যারিয়ারে ব্রিটিশ কাউন্সিল, বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশে-বিদেশের অনেক মিউজিয়ামের সাথে কাজ করেছেন। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি বর্তমানে আর্টস ও কালচারাল সেক্টরে ক্যারিয়ারের যেসব সুযোগ রয়েছে তা তুলে ধরেন।
 
তিনি বলেন, ‘চলচ্চিত্রের পাশাপাশি ফেস্টিভাল ডিরেক্টর ও কিউরেটর হিসেবে কাজ করার সুযোগ রয়েছে জার্নালিজমের শিক্ষার্থীদের। তারা চাইলে মিউজিয়াম, গ্যালারি বা আর্কাইভে কনসারভেটর হিসেবেও কাজ করতে পারবেন। আবার ডিজিটাল স্টোরিটেলিং, এনজিও-তে কমিউনিটি আর্ট এবং অন্তর্ভুক্তি (Inclusion) নিয়ে কাজের সুযোগ তৈরি হয়েছে।‘
 
শিক্ষার্থীদের বেশ কিছু দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে বলেন সৌরদীপ। ইমোশনাল ইন্টেলিজেন্স, ক্রিটিক্যাল থিংকিং এবং বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অর্জনে জোর দেন তিনি। সেজন্য বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ এবং পেশাদারদের সাথে যোগাযোগ বাড়ানোর সাথে নিজের শক্তিশালী পোর্টফোলিও গড়ে তোলার পরামর্শ দেন এই গবেষক।
 
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, আগ্রহের বিষয় ও কাজের প্রস্তুতি নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন।
সমাপনী বক্তব্যে জেসিএমএস বিভাগের শিক্ষক মোহা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সাংবাদিকতায় ভাল করছেন। এর বাইরেও চাকরির আরো অনেকগুলো ক্ষেত্র আছে। এই সেমিনার থেকে শিক্ষার্থীরা সেগুলো সম্পর্কে জানতে পেরেছে। সেই সাথে কী ধরনের দক্ষতা ও প্রস্তুতি লাগবে সে সম্পর্কেও তাদের ধারণা তৈরি হয়েছে।‘