বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ‘জেসিএমএস প্রিমিয়ার লিগ ২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার, ১২ মে ২০২৬ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন মাঠে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে লিগের উদ্বোধন করা হয়। দুইদিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বিভাগের শিক্ষার্থীদের মোট ৪টি দল- ব্রেকিং ইলেভেন, দা এডিটোরিয়ালস, জেসিএমএস স্ট্রাইকার ও পাওয়ারপ্লে জার্নালিস্ট।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রেকিং ইলেভেনের বিরুদ্ধে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় জেসিএমএস স্ট্রাইকার। পরের শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পায় দা এডিটোরিয়ালস টিম। মাত্র ১ রানের ব্যবধানে পরাজয়ের স্বাদ পায় পাওয়ারপ্লে জার্নালিস্ট।
পরবর্তী ম্যাচে মুখোমুখি হয়ে টিম পাওয়ারপ্লে জার্নালিস্টের বিরুদ্ধে ৮ উইকেটের জয় লাভ করে টিম ব্রেকিং ইলেভেন। টুর্নামেন্টের প্রথম দিনের সর্বশেষ ম্যাচে টিম জেসিএমএস স্ট্রাইকারকে ৯ রানের ব্যবধানে হারায় দা এডিটোরিয়ালস।
মাঠে এসে খেলা উপভোগ করেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, মোছা. ফাতেমা-তুজ-জোহরা, মোহা. মোস্তাফিজুর রহমান ও মো. ইয়াসিন আহমেদ। এছাড়া জেসিএমএস বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন, "পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। জেসিএমএস বিভাগে আমরা প্রায়ই নানান আয়োজন করে থাকি যাতে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ বৃদ্ধি পায়। একই সাথে তাদের পারস্পরিক সম্পর্ক মজবুত হয়।"
বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন বলেন, “বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমার বিশ্বাস, এই আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
‘জেসিএমএস প্রিমিয়ার লিগ’-এর আয়োজক কমিটির আহবায়ক ও বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন বলেন, "উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দলের মধ্যে ভালো প্রতিযোগিতা হচ্ছে।"
জেসিএমএস বিভাগের শিক্ষক তন্দ্রা মন্ডল বলেন ‘‘খেলোয়াড়দের নৈপুণ্য ও টিম ওয়ার্ক ছিল প্রশংসা করা মতো।’’
দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনের ম্যাচসমূহ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে ফাইনালের টিকেট নিশ্চিত করতে আবারো মাঠে নামবে দলগুলো।
১৩ই মে (বুধবার) বিকেলে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।