বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস  বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট 'জেসিএমএস প্রিমিয়ার লিগ ২০২৬'।
 
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন মাঠে আজ ১৩ মে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে টিম ব্রেকিং ইলেভেন।
 
প্রথম দিনের খেলা শেষে স্কোর পয়েন্টে এগিয়ে থেকে ফাইনাল খেলায় অংশ নেয় টিম দা এডিটোরিয়ালস ও টিম ব্রেকিং ইলেভেন। ফাইনাল ম্যাচে আট ওভারে দা এডিটোরিয়াল টিম ৭ উইকেট হারিয়ে ৭৪ রানের টার্গেট দেয় প্রতিপক্ষ টিমকে। টিম ব্রেকিং ইলেভেন মাত্র সাড়ে তিন ওভারেই ৭৫ রান তুলে ৯ উইকেটের ব্যবধানে অসাধারণ জয় লাভ করে। ম্যাচে ৫৯ রান তুলে নেন ব্রেকিং ইলেভেন দলের খেলোয়াড় অংকুর দাস। অন্যদিকে ম্যান অফ দা টুর্নামেন্টের খেতাব অর্জন করে রানারস আপ টিম দা এডিটোরিয়ালস এর খেলোয়াড় শিহাব হাসান। চ্যাম্পিয়ন টিম ব্রেকিং ইলেভেনে অসাধারণ পারফরম্যান্স দেখান বিভাগের শিক্ষক মোহা.মোস্তাফিজুর রহমান এবং ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচের খ্যাতি অর্জন করেন।
 
দুপুর ১.১৫ মিনিটে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিভাগের কো-অর্ডিনেটর জনাব শাতিল সিরাজ। এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মো.সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, মোছা. ফাতেমা-তুজ-জোহরা, মোহা. মোস্তাফিজুর রহমান ও মো.ইয়াসিন আহমেদ। খেলা চলাকালে শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত থেকে উভয় দলকে উৎসাহ যোগান। সকলের অংশগ্রহণে খেলার মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
 
খেলা শেষে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ প্রাঙ্গণে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় চ্যাম্পিয়ন ও রানারস আপ টিমকে ট্রফি প্রদান করেন বিভাগের কো-অর্ডিনেটর জনাব শাতিল সিরাজ। তিনি বলেন, "আজকের এই খেলায় কোনো দল হারেনি, বরং আমরা সকলে জিতেছি। আমরা সবাই মিলে একসঙ্গে খেলেছি, আমাদের সকলের পারস্পরিক বোঝাপড়া বেড়েছে। সেই দিক থেকে বলা যায় আমাদের পুরো জেসিএমএস বিভাগ জিতেছে।"
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল এবং সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও টুর্নামেন্টটি সফল ও প্রাণবন্ত করে তুলতে নিরলস পরিশ্রম ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ আয়োজক, ভলেন্টিয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় যুক্ত শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
 
বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন বলেন, "খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার অন্যতম শিক্ষা। জেসিএমএস প্রিমিয়ার লিগ-২০২৬ আমাদের শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী করবে। জয়-পরাজয় নয়, অংশগ্রহণ ও সুন্দর মানসিকতাই হোক শিক্ষার্থীদের সবচেয়ে বড় অর্জন।"
 
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষক ও এ টুর্নামেন্টের আহবায়ক মুহাম্মদ রাকিব হোসাইন বলেন, "জেসিএমএস বিভাগের এই আয়োজনকে সফল করতে সকলে মিলে পরিশ্রম করেছে। এই আয়োজনটি সফলভাবে শেষ করতে পারার কৃতিত্ব আমাদের শিক্ষার্থীদের। আশা করি সামনে আমরা এই ধরনের আরো নানান আয়োজন করবো।"