বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএল.বি. ৩১ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএল.বি. ৩১ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আইন ও মানবাধিকার বিভাগের এলএল.বি. ৩১ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ ই জুন, ২০২৬ সোমবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মক ট্রায়াল রুমে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের সম্মানীত কোঅর্ডিনেটর অধ্যাপক আবু নাসের মোঃ ওয়াহিদ।

বিভাগের সম্মানিত শিক্ষক মারুর আব্দুল্লাহ আবিদ, শিক্ষার্থীদের নিয়ে অতীতের স্মৃতিচারণ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম-জীবনের সফলতা কামনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সাফল্যের গতিধারা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের আইন পেশা ও বিচার বিভাগের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধির দিকে মনোনিবেশ করার দিকনির্দেশনা দেন।

বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সাদিয়া তাসনিম দিনা তাদের সবার পক্ষ থেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিদায়ীদের উদ্দেশ্যে তাদের অনুজদের মধ্য হতে ৩২ তম ব্যাচের মিফতা মালিহা হক তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং তাদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের অভিভাবক, এই বিভাগের সাফল্যের অন্যতম কান্ডারী প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার শিক্ষার্থীদের জীবন গঠনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতি সচেতন হবার আহ্বান জানান এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি আরো বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত বিকাশের গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করে। বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান অর্জনের স্থান নয়, বরং এটি এমন একটি ক্ষেত্র যেখানে একজন শিক্ষার্থী নৈতিকতা, মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পায়। তিনি আশা করেন যে, শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখবে এবং দেশের উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তারা যেন নিজেদের আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক, সালমা সাবিহা। পরিশেষে, বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল, মানপত্র ও স্মারক ক্রেস্ট প্রদান করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।