বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে । গত ৫ জুলাই, ২০২৬, বিকেলে আমেরিকান কর্নার ও অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন । উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, আমন্ত্রিত একাডেমিক, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য যে, আমেরিকান কর্নার রাজশাহীর এ অনুষ্ঠানের আয়োজক যুক্তরাষ্ট্রের দূতাবাস।
শুরুতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্বাগত বক্তব্য প্রদান করেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নার প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে দুই দেশের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা ও বৈশ্বিক সুযোগ সৃষ্টি করতে নিরন্তর কাজ করে যাচ্ছে।
এরপর বক্তব্য প্রদান করেন জনাব ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্নারকে তাঁর দেখা সবচেয়ে সুন্দর আমেরিকান কর্নার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমেরিকান কর্নার শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষা, প্রযুক্তি ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্নারে প্রতিষ্ঠিত ফাউন্ডার্স মিউজিয়াম যুক্তরাষ্ট্রের ইতিহাস, স্বাধীনতার আদর্শ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জানার একটি অনন্য উদ্যোগ। এ সময় তিনি উপস্থিত সকলকে মিউজিয়ামটি পরিদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউএস মিলিটারি ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে এবং চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় গম্ভীরা শিল্পীরা ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। আন্তর্জাতিক ও দেশীয় সংস্কৃতির অনন্য সমন্বয়ে পরিবেশিত এই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং উপস্থিত অতিথি ও দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।