শিক্ষা ও গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গত ৫ জুলাই ২০২৬, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক জনাব শামীম আহসান পারভেজ, বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরুখ ইসলাম এবং রানার ট্রেড পার্ক লিমিটেড-এর এমডি/সিইও রুদাবা তাজীন অদিতি।
স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের ব্যবহারিক প্রয়োগ প্রত্যক্ষ করতে উদ্বোধন শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের রোবোটিক্স ল্যাব পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীরা স্টারলিংক কানেক্টিভিটি ব্যবহার করে পরিচালিত বিভিন্ন প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। সেখানে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ।
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ক্লাবের আয়োজিত যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম রোবো সকার ম্যাচ উপভোগ করেন। একপর্যায়ে রাষ্ট্রদূত নিজেও রোবো সকার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেন।