শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন ও ফার্মেসী বিভাগের সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে| বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন |
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয় | পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ডা. মো. আব্দুল আউয়াল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন |
আজকের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইন ও ফার্মেসী বিভাগে স্নাতক (অনার্স) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে| ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণাবান্ধব পরিবেশ, দক্ষ শিক্ষকবৃন্দ এবং সমসাময়িক পাঠক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন |
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, মেধা, যোগ্যতা ও নির্ধারিত ভর্তি নীতিমালার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে| ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে |
উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মানসম্মত শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে | বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি, গবেষণা সুবিধা, মেডিকেল সেন্টার, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ প্রদান করে থাকে |
আগামী ৩০ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, অর্থনীতি, সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে|