বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ‘From Research Idea to Journal Publication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ‘From Research Idea to Journal Publication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আজ ১৬ জুলাই ২০২৬, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক ‘From Research Idea to Journal Publication’ শীর্ষক একটি সেমিনার বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিষয়ক গবেষণা কেন্দ্রের ল্যাবে অনুষ্ঠিত হয়। গবেষণার ধারণা থেকে আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে শিক্ষকদের বাস্তবভিত্তিক ধারণা প্রদানই ছিল সেমিনারের মূল উদ্দেশ্য।
 
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গবেষক এবং জলবায়ু পরিবর্তন, মানব কল্যাণ, সামাজিক জনমিতি, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁর গবেষণাকর্মের জন্য সুপরিচিত।
 
অনুষ্ঠানের শুরুতে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন স্বাগত বক্তব্য প্রদান করে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি প্রধান বক্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরবর্তীতে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেশব চন্দ্র বিশ্বাস আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
 
সেমিনারের মূল পর্বে প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা পরিকল্পনা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণাপত্র লেখার কৌশল এবং আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনার বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি গবেষণার গুণগত মান উন্নয়ন, প্রকাশনা দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে কার্যকরভাবে অংশগ্রহণের জন্য গবেষকদের প্রয়োজনীয় প্রস্তুতি, অধ্যবসায় ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি অংশগ্রহণকারীদের নিয়মিত গবেষণাচর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষকবৃন্দ গবেষণা ও প্রকাশনা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে প্রধান বক্তা সেগুলোর বিস্তারিত উত্তর প্রদান করেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
 
অনুষ্ঠানের শেষভাগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান বক্তাকে উপহার এবং সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।