বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী "দ্যা আর্ট অফ রেডিও নিউজ অ্যান্ড প্রোগ্রামস" শীর্ষক কর্মশালা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় বিভাগের ল্যাবে এই কর্মশালার উদ্বোধন করেন বিভাগের কোঅর্ডিনেটর (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন। কর্মশালাটি জেসিএমএস ৩১০২ (রেডিও জার্নালিজম) কোর্সের শিক্ষক মোঃ জসীম উদ্দীন এর তত্ত্বাবধানে পাঠ্যক্রম সহায়ক কার্যক্রম হিসেবে আয়োজিত হয়।
দুই দিনের এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে ছিলেন রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর হেড অব প্রোগ্রাম সোহান রেজা, যিনি শিক্ষার্থীদের রেডিও নিউজ রাইটিং, স্ক্রিপ্ট প্রস্তুতি, ভয়েস প্রেজেন্টেশন এবং স্টুডিও প্রোডাকশনের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও স্ক্রিপ্ট লিখন বিষয়ে একটি সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া দপ্তরের সহকারী পরিচালক মনিরুজ্জামান মৃধা এবং রেডিও সংবাদ ও সাংবাদিকতার প্রায়োগিক জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করেন জেসিএমএস বিভাগের ল্যাব এক্সিকিউটিভ মাহমুদুল ইসলাম মুন্না।
কর্মশালার দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে রেডিও প্রোগ্রাম প্যাকেজ তৈরি করেন এবং পরে তা উপস্থাপন করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, 'এই ব্যবহারিক অনুশীলন আমাদের অর্জিত তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগের সুযোগ দিয়েছে।'
উদ্বোধনী বক্তব্যে মো. সাজ্জাদ হোসেন বলেন, "তাত্ত্বিক ও ব্যবহারিক অভিজ্ঞতার এই সমন্বয় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন অভিজ্ঞ ব্রডকাস্ট প্রফেশনালের সরাসরি তত্ত্বাবধানে শেখার এই সুযোগ শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করবে।"
কর্মশালার প্রশিক্ষক সোহান রেজা বলেন, "রেডিও সাংবাদিকতা যতটা কঠিন, ততটাই সৃজনশীল ও তৃপ্তিদায়ক একটি পেশা। এই কর্মশালার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক ভূমিকা পালন করবে।"
কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মুহাম্মদ রাকিব হোসাইন। এরপর শিক্ষার্থীদের রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর স্টুডিওতে ভিজিটে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা হাতে-কলমে রেডিও স্টেশনের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পান।
অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।