বরেন্দ্র বিশ্ববিদ্যালয় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণ অভ্যুত্থান দিবস' পালন করেছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা ।
সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে চিত্রাঙ্কন ও বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ইমেইলে রচনা জমা দেওয়ার শেষ তারিখ ধরা হয় ৬ আগস্ট ।
আলোচনাপর্ব শুরু হয় সকাল ১১টায়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভায় শুরুতে জাতীয়সংগীত পরিবেশন করা হয়। এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাকিব আনজুমসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আবু জাফর মো. সাদি। সভায় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা, ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, ট্রেজারার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.)সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।