যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি তথ্য দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা-২০২৬’।
এডুকেশনইউএসএ-এর উদ্যোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকান কর্নারে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে মেলার উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলা চলে। এতে যুক্তরাষ্ট্রের নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সরাসরি অংশ নেন। পাশাপাশি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রতিনিধিরা অংশ নেন। মেলায় মোট ১৫টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং প্রায় ১ হাজার ১৬২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার প্রোগ্রাম, বৃত্তি, একাডেমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা, ভর্তি ও আবেদন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্ভাবনা সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের পছন্দের বিষয় ও প্রোগ্রাম অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও ধারণা নেন তারা।
এ ছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এডুকেশনইউএসএ নিয়ে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি, সম্ভাব্য সুযোগ এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এডুকেশনইউএসএ-এর উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব ও প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ পেয়েছেন। সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনায় এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করতে পেরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অত্যন্ত আনন্দিত। এই আয়োজন রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি ও সঠিক তথ্য পাওয়ার সুযোগ তৈরি করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার পরিকল্পনা আরও সচেতনভাবে করতে পারবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সুযোগের সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দেবে।
এডুকেশনইউএসএ-এর প্রতিনিধি লুইস কার্দেনাস বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে। শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে এডুকেশনইউএসএ একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বৃত্তি ও অন্যান্য সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এডুকেশনইউএসএ পরামর্শ কেন্দ্র রয়েছে, যেখানে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে পারে।