বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে “Career Talk 2: Way Forward to Judiciary” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে “Career Talk 2: Way Forward to Judiciary” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক “Career Talk: 2-Way Forward to Judiciary” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগের শিক্ষার্থীদের বিচার বিভাগে ক্যারিয়ার গঠন, প্রস্তুতির কৌশল, পেশাগত চ্যালেঞ্জ এবং বিচারিক জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ২টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাঃ জান্নাতুন নাইম মিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ।

সেমিনারে কি-নোট স্পিকার মোসাঃ জান্নাতুন নাইম মিতুআইনের শিক্ষার্থীদের বিচার বিভাগে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, পরীক্ষার বিভিন্ন ধাপ, বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা এবং একজন সফল বিচারক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আলোচনা করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একাডেমিক জ্ঞানের পাশাপাশি আইনের মৌলিক বিষয়গুলোতে দৃঢ় ভিত্তি, নিয়মিত অধ্যয়ন, বিশ্লেষণী দক্ষতা, লেখার দক্ষতা, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি তাঁর বিচারিক জীবনের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত পথচলার বিভিন্ন দিক শিক্ষার্থীদের সঙ্গে তুলে ধরেন, যা বিচার বিভাগে ক্যারিয়ার গঠনের বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবসম্মত ধারণা প্রদান করে।

সেমিনারে বিচার বিভাগে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি, দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা এবং একজন আইন শিক্ষার্থী হিসেবে বর্তমান সময়কে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিত, ধারাবাহিক ও অধ্যবসায়ের সঙ্গে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষাংশে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে শিক্ষার্থীরা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি, বিচারিক পেশার বাস্তবতা, পেশাগত জীবন ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সরাসরি প্রশ্ন করেন। কি-নোট স্পিকার আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরিশেষে, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের বিচার বিভাগে ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদানের জন্য সম্মানিত কি-নোট স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে সম্মানিত কি-নোট স্পিকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।