বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে ‘দ্য আর্ট অব ভয়েস-ওভার ইন নিউজ’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস ল্যাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংবাদে ভয়েস-ওভারের দক্ষতা, সঠিক উচ্চারণ, কণ্ঠের অভিব্যক্তি, উপস্থাপনা ও লাইভ সাক্ষাৎকারের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ইন্টারঅ্যাকটিভ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসের সহকারী রেজিস্ট্রার মোল্লা আশিক উল ইসলাম এবং জেসিএমএস বিভাগের ল্যাব এক্সিকিউটিভ মো. মাহমুদুল ইসলাম মুন্না।
এছাড়াও বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন ও মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মোঃ সাজ্জাদ হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি সংবাদ উপস্থাপনায় কণ্ঠস্বরের স্পষ্টতা, শুদ্ধ উচ্চারণ ও যথাযথ অভিব্যক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের ব্যবহারিক কর্মশালা শিক্ষার্থীদের ভয়েস-ওভার ও সংবাদ উপস্থাপনার দক্ষতা বিকাশের পাশাপাশি পেশাগত ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশে শিক্ষার্থীরা ভয়েস-ওভার ও সংবাদ উপস্থাপনার ব্যবহারিক অনুশীলনে অংশ নেয়। এর মাধ্যমে তারা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি পেশাগত ক্ষেত্রে প্রয়োজনীয় কণ্ঠস্বর ও উপস্থাপনা দক্ষতা অর্জনের সুযোগ পায়। একই সঙ্গে লাইভ সাক্ষাৎকার ও ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার কৌশল নিয়েও আলোচনা করা হয়।
আধুনিক গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা, টেলিভিশন, অনলাইন ভিডিও ও ডিজিটাল কনটেন্টে ভয়েস-ওভারের গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই সাংবাদিকতা ও মিডিয়া শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের ব্যবহারিক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।