বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (NFE) প্রোগ্রামের উদ্যোগে র‍্যালি, ফুড প্রোডাক্ট এক্সিবিশন ও সেমিনারের মাধ্যমে বিশ্ব খাদ্য দিবস উদযাপিত হয়েছে।
 
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্লাজা থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান এবং NFE প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা ও শিক্ষার্থীবৃন্দ । র‍্যালি শেষে মাননীয় উপাচার্য পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
উদ্বোধনী পর্বের পর শুরু হয় ফুড প্রোডাক্ট এক্সিবিশন। উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা অতিথিদের নিয়ে স্টলগুলো ঘুরে দেখেন। এবারের প্রদর্শনীতে ১১টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবিত ও তৈরি খাদ্যপণ্য উপস্থাপন করে। পণ্যের উদ্ভাবন, স্বাদ, উপস্থাপনা ও পোস্টারের বিষয়বস্তু বিবেচনা করে স্টলগুলো মূল্যায়ন করা হয়। বিচারকের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ এবং প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন। প্রদর্শনী চলাকালে শিক্ষার্থীরা নিজেদের তৈরি পণ্য বিক্রিও করে।
 
দিনব্যাপী আয়োজনের সর্বশেষ সেগমেন্টে এ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় "বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা" শীর্ষক সেমিনার। সেমিনারে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী বক্তব্যের পর সেমিনারে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অতিথি হিসেবে ছিলেন মো. শরীফ হোসেন, সহকারী পরিচালক, বিএসটিআই, রাজশাহী বিভাগ; দীপপ্রজিত সরকার, ফুড সেফটি অফিসার, রাজশাহী মেট্রোপলিটন; এ এম এম মনিরুল হাসান, ফ্যাক্টরি ম্যানেজার, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ; ইঞ্জিনিয়ার মো. আকিব আবরার, প্রোগ্রাম অফিসার, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং আমায়রা ফ্রুটসের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সবুজ।
 
সম্মাননা প্রদান শেষে অতিথিরা একে একে সেমিনারের মূল বিষয়ের ওপর তাঁদের অভিজ্ঞতালব্ধ বক্তব্য উপস্থাপন করেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, খাদ্যমান নিয়ন্ত্রণ, খাদ্য শিল্পের বিকাশমান সম্ভাবনা এবং এই খাতের সামনে থাকা বাস্তব চ্যালেঞ্জের চিত্র। সেমিনারের শেষে ঘোষণা করা হয় বহু প্রতীক্ষিত ফুড প্রোডাক্ট এক্সিবিশনের বিজয়ীদের নাম । সবশেষে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সম্মানিত কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করেন।