বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং সমাজবিজ্ঞান ক্লাব ও সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে Inter-Semester Indoor Games Competition – Summer 2026। শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও পরিচালনায় কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার সরকার তামজীদ রহমান। এ আয়োজনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন হোসনে আরা বেগম, ফাইয়াজ আহমেদ এবং আকলিমাতুল জান্নাত ফাবিয়া। পরবর্তীতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় ছাত্রদের জন্য ক্যারম, দাবা ও ডার্টবোর্ড এবং ছাত্রীদের জন্য লুডু, দাবা ও ডার্টবোর্ড খেলার আয়োজন করা হয়। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ, উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অংশগ্রহণ করে। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি একটি আনন্দময় ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে খেলাধুলা এবং সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।