শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং ও যৌক্তিক চিন্তার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে "দি আর্ট অফ পারসুয়েশন" শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০:১৫ টায় বিভাগের ৮০৩ নম্বর রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিভাগের ৩য় সেমিস্টারের ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ বাংলাদেশ সোসিও কালচারাল ফোরাম (বিএসসিএফ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) ফরমার এক্সিকিউটিভ মেম্বার নিলয় সাহা।
কর্মশালাটি উদ্বোধন করেন বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মো: সাজ্জাত হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "সাংবাদিকতা শুধু তথ্য সংগ্রহ, সংবাদ লেখা কিংবা সংবাদ উপস্থাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন সাংবাদিককে প্রতিনিয়ত নানা বিষয়ে প্রশ্ন করতে হয়, যুক্তি বিশ্লেষণ করতে হয়, ভিন্নমত বুঝতে হয় এবং সত্য ও তথ্যের ভিত্তিতে নিজের অবস্থান তুলে ধরতে হয়। আর এসব দক্ষতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম হলো বিতর্ক চর্চা। আমি মনে করি, সাংবাদিকতা বিভাগের প্রতিটি শিক্ষার্থীর বিতর্ক চর্চার সঙ্গে যুক্ত থাকা উচিত। তাই বলে সবাই যে বিতার্কিক হবে, তা নয়। কিন্তু প্রত্যেকেরই যুক্তি দিয়ে কথা বলা, প্রশ্ন করা, তথ্য বিশ্লেষণ করা এবং ভিন্নমতকে সম্মান করার সক্ষমতা থাকা প্রয়োজন।"
কর্মশালাটিতে শিক্ষার্থীদেরকে সংসদীয় বিতর্কের বিভিন্ন নিয়ম-কানুন ও আচরণবিধি শেখানো হয়।
কর্মশালার শেষপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রশিক্ষক জনাব নিলয় সাহা এই বিতর্কে স্পিকার হিসেবে ভূমিকা পালন করেন।
কর্মশালা নিয়ে শিক্ষার্থীরা বলেন, পুরো সেশনটাই উপভোগ করেছি এবং ক্লাস রুমে বসেই সাংসদীয় বিতর্কের অভিজ্ঞতা ছিল অন্যরকম।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেসিএমএস বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন। কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক উম্মে মহাসিনা।