জার্নালিজম বিভাগে কর্মজীবনের প্রস্তুতি ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জার্নালিজম বিভাগে কর্মজীবনের প্রস্তুতি ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি ও কর্মজীবনের দক্ষতা বাড়াতে “ক্যারিয়ার রেডিনেস অ্যান্ড প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বিভাগের জেসিএমএস ল্যাবে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
 
কর্মশালায় জেসিএমএস বিভাগের তৃতীয় সেমিস্টারের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রাজিয়া সুলতানা রুবি।
কর্মশালার উদ্বোধন করেন বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে প্রবেশের আগে প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা তাঁদের সেই প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
 
কর্মশালার শুরুতে শিক্ষার্থীদের হাতে একটি আত্মমূল্যায়ন পেপার দেওয়া হয়। এতে তাঁদের নিজেদের দক্ষতা যাচাই এবং কোন কোন ক্ষেত্রে উন্নতির প্রয়োজন, তা চিহ্নিত করার জন্য বেশ কিছু প্রশ্ন রাখা হয়। এরপর মূল আলোচনায় রাজিয়া সুলতানা রুবি চাকরির বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের প্রত্যাশা ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার-সচেতন হয়ে ওঠার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
 
কর্মশালা নিয়ে শিক্ষার্থীরা বলেন, আত্মমূল্যায়ন পেপার পূরণ করতে গিয়ে তারা নিজেদের দুর্বলতা ও সম্ভাবনার জায়গাগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। রিসোর্স পারসনের আলোচনা থেকে চাকরির বাজারে নিজেদের প্রস্তুত করার বাস্তবসম্মত দিকনির্দেশনাও পেয়েছেন বলে জানান তারা।
 
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেসিএমএস বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন, উম্মে মহাসিনা ও মো. জসীম উদ্দীন। কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক মো. আকতারুল ইসলাম।