স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, শিক্ষার আলো ছড়াতে চাই"— এই বার্তা সামনে রেখে গতকাল (১৬ অক্টোবর) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'ছোট্ট স্বপ্ন'-এর পরিচালনাধীন দুই স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিল শিক্ষা সফর ও দিনব্যাপী আনন্দের উৎসব। প্রাত্যহিক পড়াশোনার গণ্ডি পেরিয়ে শিশুদের আনন্দ আর হাসিতে পুরো প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত।
শিশুদের এই আনন্দকে আরও বর্ণিল করে তুলতে তাদেরকে বিভিন্ন রাইড করানো হয় এবং আয়োজন করা হয় নানা শৈশবঘেঁষা খেলার। অংক দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল অন দ্য টার্গেট, ব্যাঙ লাফ, ডাল কুড়ানো, চকলেট দৌড় ও সাধারণ দৌড় প্রতিযোগিতার মতো চমৎকার সব খেলায় ছোট্ট সোনামণিরা অত্যন্ত উৎসাহিত হয়ে অংশ নেয়। খেলার প্রতিটি মুহূর্তে তাদের উদ্যম আর প্রতিযোগিতার আমেজ দেখার মতো ছিল।
খেলাধুলা শেষে বিজয়ী ক্ষুদে বন্ধুদের মুখে হাসি ফুটিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় চমৎকার সব পুরস্কার।
এই বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত ও স্মরণীয় করে তুলতে উপস্থিত ছিলেন চিফ মডারেটর পার্থ কুমার নন্দ (ইইই বিভাগ) এবং মডারেটর কেশব চন্দ্র বিশ্বাস (সমাজবিজ্ঞান বিভাগ) ও মো. রাকিবুল ইসলাম (অর্থনীতি বিভাগ)। সেই সাথে নবম কমিটির সভাপতি তাহমিদ জাকি, একাদশ কমিটির সভাপতি মো. আব্দুল আজিম শেখ ও সাধারণ সম্পাদক মো. রকি আলি, এবং বর্তমান কমিটির সভাপতি খোন্দকার আকলিমা সুলতানা ও সাধারণ সম্পাদক আল রাফি সনিসহ কোর কমিটির সদস্য, সম্মানিত স্কুল শিক্ষকবৃন্দ ও সাধারণ সদস্যদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।
শিশুদের মুখে হাসির রেখা অটুট রাখা এবং তাদের সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দেওয়াই 'ছোট্ট স্বপ্ন'-এর মূল লক্ষ্য।