বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬। গত ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ঝিনাইদহের মনোরম জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। সকাল ৭:৩০ মিনিটে রাজশাহীর অক্ট্রয় মোড় থেকে যাত্রা শুরু করেন বিভাগের বিভিন্ন সেমিস্টারের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। যাত্রাপথে গান, আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয় দিনের উৎসবমুখর পরিবেশ। সকাল ৯:০০টায় নাশতা পরিবেশনের পর পুনরায় যাত্রা শুরু হয়। সকাল ১১:০০টায় দলটি পৌঁছে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে। রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশ, দৃষ্টিনন্দন সাজসজ্জা ও বিনোদনের নানা আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে। সেখানে দলীয় ছবি তোলা, ঘোরাঘুরি ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল আয়োজন।

 

দুপুর ১:৩০টায় মধ্যাহ্নভোজ শেষে বিকেল ২:৩০টা থেকে শুরু হয় বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমস। ছেলেদের মোরগ লড়াই ও পা বাঁধা অবস্থায় দৌড় এবং মেয়েদের বালিশ খেলা ও মার্বেল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল বেশ উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ। প্রতিযোগীদের উৎসাহ ও দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। বিকেল ৪:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মনোরঞ্জন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠিত র‌্যাফেল ড্র-এর অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুন্সী ইসরাইল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং বনভোজন আয়োজক কমিটির কনভেনার মো. বকুল হোসেনের সমন্বয়ে এ আয়োজন সম্পন্ন হয়। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা অনুষ্ঠানটিকে সফল করে তোলে। নিয়মিত শিক্ষা কার্যক্রমের বাইরে এমন আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সন্ধ্যা ৫:০০টায় শিক্ষক ও শিক্ষার্থীরা রাজশাহীর উদ্দেশে ফিরতি যাত্রা করেন। রাত ৭:০০টায় বাসে নাশতা পরিবেশন করা হয়। রাত ০৮:৩০টায় সবাই রাজশাহীতে ফিরে আসেন।

 

বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা ছিল প্রশংসনীয়। আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে এ আয়োজন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও সমাজবিজ্ঞান বিভাগ এ ধরনের প্রাণবন্ত ও সমৃদ্ধ অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।