বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল জার্নালিজম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল জার্নালিজম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সাংবাদিকতায় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও উৎকর্ষ তুলে ধরতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর) আমেরিকান কর্নার রাজশাহী-এর উদ্যোগে ‘ডিজিটাল ডিটেকটিভস: ইউ.এস. এক্সেলেন্স ইন এআই, সাইবারসিকিউরিটি অ্যান্ড ডিজিটাল জার্নালিজম’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাজিয়াত হোসেন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহতারেমা আশরাফী খানম।
 
সেমিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে ডিজিটাল সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাই, সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা এবং ডিজিটাল হুমকি মোকাবিলাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও পরিবর্তিত হচ্ছে। বর্তমানে একজন সাংবাদিকের জন্য শুধু সংবাদ সংগ্রহ ও লেখার দক্ষতাই যথেষ্ট নয়; তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞানও প্রয়োজন।
 
সেমিনারে অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী ডিজিটাল সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ উপস্থাপন ও পাঠকের সঙ্গে যোগাযোগের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকদের তথ্য বিশ্লেষণ, গবেষণা, কনটেন্ট প্রস্তুতি এবং বিভিন্ন কাজকে আরও দ্রুত ও কার্যকর করতে সহায়তা করতে পারে।
 
তিনি আরও বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে, কারণ প্রযুক্তির মাধ্যমে তৈরি বা পরিবর্তিত তথ্য সবসময় নির্ভুল নাও হতে পারে। তাই এআইকে সাংবাদিকের বিকল্প হিসেবে নয়, বরং সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করে তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতার পেশাগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে।
সেমিনারে মুহতারেমা আশরাফী খানম ফিশিং, অনলাইন প্রতারণা এবং অন্যান্য ডিজিটাল হুমকি সম্পর্কে আলোচনা করেন। তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার বিভিন্ন দিক তুলে ধরেন।
 
অনুষ্ঠানে ডিজিটাল সাংবাদিকতায় ছবি ও ভিডিও ব্যবহারের আগে সেগুলো সম্পাদিত বা পরিবর্তিত হয়েছে কি না, তা যাচাই করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রে গোপনীয় সূত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্য ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতার বিষয়টি গুরুত্ব পায়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে সাংবাদিকতা ও প্রযুক্তি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল দক্ষতা, তথ্য যাচাইয়ের সক্ষমতা, সাইবার নিরাপত্তা সচেতনতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ধারণা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকদের প্রত্যাশা, ডিজিটাল ডিটেকটিভস-এর মতো আয়োজন শিক্ষার্থী ও তরুণদের মধ্যে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতা সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিএমএস বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন এবং মো. জসিম উদ্দিন।