বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতায় র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় গত ১৭ নভেম্বর ২০২৬, ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
শুরুতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
 
পরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ‘A Seminar on Dengue Awareness’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও সোসাইটি অব মেডিসিন, রাজশাহীর সদস্যসচিব অধ্যাপক ডা. মো. আখতারুল ইসলাম এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ. এম. আনজুমান আরা বেগম।
 
অনুষ্ঠানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষক-শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচকরা ডেঙ্গুর স্বাস্থ্যঝুঁকি, প্রাথমিক সচেতনতা, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাবের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
 
সেমিনারে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।