পেশার প্রতি দায়বদ্ধতার পাশাপাশি সমাজের কাছে জবাবদিহিতার চেতনাও একজন সাংবাদিকের থাকতে হবে। জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ‘রিপোটার্স টক’ শীর্ষক এক অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়কালে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা একথা বলেন।
সাংবাদিকতা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০১৮ ইং) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা পেশায় সফল হতে হলে দক্ষতাকে শানিত করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে সমাজ, অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে। সচেতন হতে হবে সামাজিক ও রাজনৈতিকভাবে।
আলোচনার এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওসমান গণি তালুকদার সাংবাদিক সুশান্ত সিনহার হাতে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এধরনের অনুষ্ঠান নিয়োমিত আয়োজন করে থাকে। এতে দেশের প্রথিতযশা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।
এই অনুষ্ঠানে বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমান এবং শিক্ষক মো. আমিনুল ইসলাম, সালমা জান্নাত ও জোবায়দা শিরিন জ্যোতি উপস্থিত ছিলেন।