বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির উদ্যোগে ‘কোর্স ফাইল মেইনটেনেন্স অ্যাকরডিং টু ওবিই কারিকুলাম' ও 'এথিক্স ইন টিচিং অ্যাট ইউনিভার্সিটি' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দুটি পর্বে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রথম পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে 'কোর্স ফাইল মেইনটেনেন্স অ্যাকরডিং টু ওবিই কারিকুলাম' কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও পিসাক আহ্বায়ক অনিমা কর্মকার। এসময় তিনি বিভাগের একাডেমিক কার্যক্রম ও সার্ভিস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
আয়োজনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ে যোগদানকৃত নতুন শিক্ষকদের নিয়ে 'এথিক্স ইন টিচিং অ্যাট ইউনিভার্সিটি' প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (লার্নিং অ্যান্ড টিচিং) প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ও অতিরিক্ত পরিচালক ডা. মো. আব্দুল আওয়াল। এসময় শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং মান উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল গোফ্ফার খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। শেষে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।