বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগে ‘দি আর্ট অব অ্যাকটিং‘ কর্মশালা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগে ‘দি আর্ট অব অ্যাকটিং‘ কর্মশালা

 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দি আর্ট অব অ্যাকটিং’ শীর্ষক অভিনয় বিষয়ক কর্মশালা। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস ল্যাবে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় শিক্ষার্থীদের অভিনয়ের মৌলিক ধারণা, ভাষার ব্যবহার, চরিত্র বিশ্লেষণ ও সংলাপ উপস্থাপনার কৌশল সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি চলচ্চিত্রে জেন্ডার উপস্থাপনার ধরন, প্রযোজনা চলাকালে নির্মাতাদের সম্মুখীন সমস্যাসমূহ এবং চরিত্রের মানসিক অবস্থার সঙ্গে অভিনয়ের সামঞ্জস্য বজায় রাখার কৌশলও তুলে ধরা হয়।

 

প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন নাট্যনির্দেশক ও অভিনেতা, সমকাল নাট্যচক্রের আজীবন সদস্য আজমল হুদা মিঠু। তিনি বলেন, “অভিনয় করতে চাইলেই অভিনয় হয় না; চরিত্রকে অনুভব করতে হয়। চলচ্চিত্রে ভাষার শুদ্ধ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভাষার ত্রুটি চরিত্রের বাস্তবতাকে ক্ষুণ্ণ করে।“ শিক্ষার্থীদের তিনি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অভিনয়ের অনুশীলন করার পরামর্শ দেন।

 

জেসিএমএস বিভাগের জেন্ডার অ্যান্ড মিডিয়া‘ কোর্সের আওতায় পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা একটি জেন্ডার সংবেদনশীল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য শিক্ষার্থীরা যাতে যথাযথভাবে প্রস্তুতি নিতে পারে, সে লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালার সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিভাগের শিক্ষক তন্দ্রা মণ্ডল। তিনি বলেন, “আমরা যেহেতু একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছি, আজকের কর্মশালার অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দিয়েছে। এতে তারা চরিত্রে প্রবেশের প্রাথমিক দক্ষতা ও পেশাদারিত্বের ধারণা পেয়েছে।“

 

কর্মশালার সূচনা পর্বে বিভাগের কোঅর্ডিনেটর মো. শাতিল সিরাজ কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, সাঈদ ইব্রাহীম রিফাত, আয়শা সিদ্দিকা, ফাতেমা-তুজ-জোহরা ও মোস্তাফিজুর রহমান।