বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গত ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ। সোমবার সকাল এগারোটা থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফয়জার রহমান এবং রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল। উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী বৃন্দ এবং অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক মোঃ শামসুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠান আরম্ভ হয় নবীনদের বরণ করে নেয়ার মধ্য দিয়ে। নবীনদের ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে তাদের বরণ করে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, সুযোগ-সুবিধা, শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়া হয়; সেই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফয়জার রহমান ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল। আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক মাসরুর আব্দুল্লাহ আবিদ, স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে উক্ত বিভাগের একাডেমিক কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি, বিভাগের সার্বিক পরিচিতির পাশাপাশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ শিক্ষার্থীদের কল্যানে কিভাবে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সেই সম্পর্কে নবীনদের মাঝে বিস্তৃত আলোচনা করেন। তিনি উক্ত বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও কর্মক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা সহ আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আইন ও মানবাধিকার বিভাগের একাডেমিক রুলস এন্ড রেগুলেশন নিয়ে নবীনদের সাথে আলোচনা করেন উক্ত বিভাগের প্রভাষক মোঃ রায়হানুজ্জামান সোহান। এরপর নবীণদের উদ্দেশ্যে কোড অফ কনডাক্ট বা শিক্ষার্থীদের আচরণবিধি তথা পালনীয় নিয়মকানুন নিয়ে আলোচনা করেন আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর রুবাইয়া এলিন সুধা। সেই সাথে তিনি প্রক্টোরিয়াল বডির পরিচয় ও কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নবাগত শিক্ষার্থী মাহফুজা রহমান মিথিলা।তার বক্তৃতায় তিনি উক্ত বিভাগ হতে শিক্ষাগ্রহনের মাধ্যমে সফল, সার্থক ও গৌরবান্বিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সকল শিক্ষার্থীর পক্ষ থেকে নবীনদের উষ্ণ স্বাগতম জানিয়ে বক্তব্য রাখেন চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মোসাঃ উম্মে হাবিবা। তিনি নবীন শিক্ষার্থীদের সবরকম সাহায্য করার কথা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ। তিনি অত্যন্ত প্রাঞ্জল, তথ্যবহুল এবং উৎসাহপূর্ণ বক্তব্য প্রদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষনীয় বিষয় তুলে ধরেন যা উচ্চ শিক্ষা অর্জনে নবীনদের অনুপ্রাণিত করবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয় বরং জীবনের মূল্যবোধ তৈরিতে, জীবনকে পরিশীলিত করে গড়ে তুলতে এবং নিজেকে আলোকিত মানুষে পরিণত করতে নবীণদের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরেন তিনি। সম্মানিত কো-অর্ডিনেটর নবাগত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় হয়ে মানবিক গুনাবলির বিকাশ এবং তাদের অন্তর্নিহিত উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটনার সুযোগ নেয়ারও তাগিদ দেন। কঠোর অনুশীলনের মাধ্যমে, সততা ও নৈতিকতার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে আগামীতে নিজেদের এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তৈরি হতে নবীন শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান। পরিশেষে, মানসিক বিকাশ ঘটাতে, জীবনের লক্ষ্য অর্জন করতে, স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়ন করতে, আলোকিত ও সফল মানুষ হতে তিনি সবাইকে বিপুলভাবে উৎসাহিত ও প্রেরণা প্রদান করেন। সবশেষে তিনি আবারও নবীনদের অভিনন্দন জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন।