বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-এ বিজয়ী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-এ বিজয়ী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (রবিবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । টুর্নামেন্টের ফাইনাল খেলায় সেরা দুটি দল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নকআউট পর্ব ও সেমিফাইনাল পর্ব পেরিয়ে ফাইনালে পৌঁছে । উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

ফাইনাল খেলায় উভয় দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এক গোল করে এগিয়ে যায়। তবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্রুতই সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি চমৎকার গোলে তাদের জয় নিশ্চিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বকুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, "খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা ও ক্রীড়ামনস্ক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।"

পুরস্কার বিতরণীতে উভয় দলের খেলোয়াড়দের মাঝে বিশেষ সম্মাননা, মেডেল ও ট্রফি প্রদান করা হয়। বিজয়ী ও বিজিত দলকে মেডেল দেওয়া হয়। এছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন রানার্সআপ দলের তুষার আহমেদ, ম্যাচ সেরা হোন বিজয়ী দলের ওয়াজি তৌসিফ এবং সেরা গোলকিপারের ট্রফি পান বিজয়ী দলের গোলকিপার ফারদিন হাসনাত। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।