বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইউসিআইসিএস ২০২৫—এর সমাপনী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইউসিআইসিএস ২০২৫—এর সমাপনী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘আন্ডারগ্রাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট কম্পিউটিং অ্যান্ড সিস্টেমস্— (UCICS) ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ কনফারেন্স—এর সমাপ্তি ঘটে। কনফারেন্স—এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. জাওয়াদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা এবং কারিগরি প্রোগ্রাম কমিটির চেয়ার ছিলেন প্রফেসর ড. শামীম আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সেশনে অংশ নেওয়া গবেষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ— উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রিসার্চ ও ক্যারিয়ার সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. এ এইচ এম রহমতউল্লাহ ইমন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো—অর্ডিনেটর, শিক্ষক—শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষাবিদ ও গবেষকরা ইউসিআইসিএস ২০২৫ —এর সফলতা এবং ভবিষ্যতে প্রযুক্তি গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আগামীতেও এমন কনফারেন্স—এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

কনফারেন্স—এর সভাপতি প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘এই ধরনের উদ্যোগ তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান অতিথি প্রফেসর ড. মো. জাওয়াদুল হক বলেন, ‘ইউসিআইসিএস ২০২৫ আমাদের দেশের ভবিষ্যৎ প্রযুক্তিবিদ ও গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।’

বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। কারিগরি প্রোগ্রাম কমিটির চেয়ার ড. শামীম আহমেদ বলেন, ‘এই কনফারেন্স শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে এক অনন্য প্ল্যাটফর্ম প্রদান করেছে।’

জাপান—এর ইউনিভার্সিটি অব টোকিও—এর এমেরিটাস প্রফেসর ড. কেইকিচি হিরোসে তার বক্তব্যে কনফারেন্স সম্পর্কে তার অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি সত্যি খুবই আনন্দিত এমন কনফারেন্স এ অংশগ্রহণ করতে পেরে। আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

সমাপনী অনুষ্ঠানের শেষাংশে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেরা গবেষণা উপস্থাপক ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কনফারেন্স—এর পরিসমাপ্তি ঘটে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় সংগীত, গজল ও নৃত্য পরিবেশিত হয়। কনফারেন্স সভাপতি প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যার সংগীত পরিবেশন অনুষ্ঠানে ভিন্ন এক মাত্রা যোগ করে।

মূলত গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউসিআইসিএস ২০২৫ —এ দেশি ও আন্তর্জাতিক গবেষকরা অংশ নেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং ও সাইবার সিকিউরিটি বিষয়ে আলোচনা করেন।