ক্লাস প্রতিনিধিবৃন্দের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মতবিনিময়

ক্লাস প্রতিনিধিবৃন্দের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মতবিনিময়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সেমিস্টারের ক্লাস প্রতিনিধিবৃন্দের (CR) সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা । ৫ মার্চ ২০২৫ (বুধবার), দুপুর ১২ টায়, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে গণঅভ্যুত্থানে শহিদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইংঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিব আনজুমের অবদানের কথা উল্লেখ করেন প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামুলক বক্তব্য দেন। তিনি বলেন, 'ভবিষ্যৎ আলোকিত করতে হলে, দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির প্রতি মনোযোগী হতে হবে। আজকের ছাত্রই আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত হবে । বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তোমাদের সঠিক দিশা দেখানোর জন্য সবসময় প্রস্তুত। আমি আশা করি, তোমরা একজন ভালো ছাত্রের পাশাপাশি একজন ভালো নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারবে।' তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদান, দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার এবং গবেষণার ক্ষেত্র নিয়ে বিশেষ আলোচনা করেন।

তিনি আরও বলেন, 'কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বিভিন্ন প্রজেক্ট, কর্মশালা এবং গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে বাস্তব দুনিয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য প্রস্তুত হও। আজকের শিক্ষার্থীরা যে গবেষণা ও নতুন উদ্ভাবনে অংশ নেবে, তা আগামী দিনে তাদের ক্যারিয়ারের পথকে প্রশস্ত করবে।'

প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামতের তাৎক্ষণিক উত্তর প্রদান করেন। সেখানে উঠে আসে ক্যাম্পাসের নানান সুযোগ-সুবিধা্র কথা । তিনি লিফট, ক্যাফেটেরিয়া, আইটি সুবিধাবৃদ্ধি, কফি শপ, ক্লাসরুমের এসি, মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম সুবিধাবৃদ্ধি, মসজিদ স্থাপন, ক্যাম্পাস রাজনীতি এবং বাস পরিষেবাসহ নানান বিষয়।

তিনি বলেন, 'এপ্রিল মাসে বাকি লিফট স্থাপনের কাজ শুরু হবে। একাডেমিক বিল্ডিং-এর পেছনে ক্যান্টিন স্থাপন করা হবে । আইটি সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। কার্ড পাঞ্চ-এর মাধ্যমে ব্রেভারেজ জাতীয় খাবার সরবরাহের ব্যবস্থা রাখা হবে। একটি নান্দনিক কফি শপ স্থাপন করা হবে। মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম সংযোজন করা হবে। ১০ম তলা এবং মেইন রোড সংলগ্ন রুমগুলো থেকে এসি স্থাপনের কাজ শুরু হবে। আপাতত বাস সংখ্যা বাড়ানো সম্ভব নয়। আগামী সামার সেশনে বাস কার্ড রেজিস্ট্রেশন বন্ধ থাকবে। একটা ব্যাচ বের হয়ে গেলে সেখানে রানিং স্টুডেন্টরা নতুন রেজিষ্ট্রেশনের সুযোগ পাবে। বাস ট্রিপ বাড়ানো যেতে পারে। ক্যাম্পাসে মেডিক্যাল কর্নার স্থাপন করা হবে। লাইব্রেরি বইয়ের সংখ্যা বৃদ্ধি করা হবে। স্মার্ট আইডি কার্ড ব্যবহার করে ফটোকপি করা যাবে (চার্জ প্রযোজ্য)। খড়খড়ির ট্রাফিক হ্রাসের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। মসজিদের আর্কিটেকচারাল ডিজাইনের কাজ শুরু হয়েছে। ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম অনুমোদিত নয়। কেউ রাজনৈতিক কার্যক্রমে জড়িত হলে শাস্তি দেওয়া হবে। ক্লাসে কোনো রাজনৈতিক ফর্ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে। কেউ সুপারিশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।'

তিনি শিক্ষা সংক্রান্ত সমস্যা, গবেষণা সংক্রান্ত চ্যালেঞ্জ এবং ক্যারিয়ার সম্পর্কিত আলোচনা করেন। শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যাগুলি তুলে ধরেন এবং কীভাবে সেগুলোর সমাধান করা যেতে পারে, সে বিষয়ে উপাচার্যের সাথে আলোচনা করেন।

প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা শিক্ষার্থীদের পরামর্শ গ্রহণের পাশাপাশি তাদের উন্নয়নে সহায়ক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এ মতবিনিময় সভা শিক্ষার্থীদের নিজেদের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের চাহিদা এবং সমস্যাগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দেয়ার জন্য এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সভা ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও মজবুত করবে এবং শিক্ষার মান, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।