বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইংঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অন ইন্টেলিজেন্ট কম্পিউটিং অ্যান্ড সিস্টেমস’ শীর্ষক কনফারেন্স শুরু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কনফারেন্সের প্রথম পর্ব শুরু হয় বুধবার সকাল সাড়ে ৯টায়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইংঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকিব আনজুম স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। উদ্বোধনী বক্তা হিসেবে ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ইউনিভার্সিটি অব টোকিও’র ইমেরিটাস অধ্যাপক ড. কেইকিচি হিরোসে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, প্রযুক্তির উন্নয়নে গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য। আমাদের শিক্ষার্থীদের গবেষণামুখী করতে এবং প্রযুক্তির নতুন সম্ভাবনা অন্বেষণ করতে এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের কনফারেন্স আয়োজন করবে, যাতে শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারে।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ইন্টেলিজেন্ট কম্পিউটিং ও সিস্টেমসংক্রান্ত গবেষণার মাধ্যমে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। এ ধরনের কনফারেন্স শিক্ষার্থীদের গবেষণামুখী হতে অনুপ্রেরণা জোগাবে।