বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন ও ফার্মেসি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইন ও ফার্মেসি  বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার ২০২৫ সেশনের আইন এবং ফার্মেসি বিভাগের ভর্তি পরীক্ষা গতকাল, ২৫ জুন ২০২৫ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই দুই বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু, স্বচ্ছ ও গুণগত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে। এদিনের পরীক্ষায় আইন বিভাগ ও ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দ পরীক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, আত্মবিশ্বাস ও যুক্তিশীলতা যাচাইয়ের লক্ষ্যে লিখিত ও মৌখিক পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং উপস্থিত শিক্ষার্থী ও অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, প্রক্টর ড. মো. আব্দুল আউয়াল এবং আইন ও ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, সামার ২০২৫ সেশনের বাকি বিভাগসমূহ — ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং (NFE), ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সাংবাদিকতা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং পাবলিক হেলথ — এর ভর্তি পরীক্ষা আগামী ৭ জুলাই ২০২৫ (সোমবার) অনুষ্ঠিত হবে।