বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে সোমবার (২১ জুলাই) সামার ২০২৫ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন, শি পরিবেশ, শৃঙ্খলা ও দায়িত্ববোধসহ নানা বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান ও বিশ্ববিদ্যালয়ের পরিচিতি নবাগত শিক্ষার্র্থীদের কাছে তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৮১০ নম্বর কক্ষে বেলা ১১:৩০ থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। বিভাগের কো-অর্ডিনেটর জনাব শাতিল সিরাজ শুরুতেই নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “এই বিভাগ শুধুমাত্র শিক্ষাদান নয়, বরং ভবিষ্যতের যোগ্য গণমাধ্যমকর্মী গড়ে তোলার একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। তোমাদের প্রকৃত শিক্ষা এখান থেকেই শুরু হলো।”এরপর তিনি বিভাগীয় শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ রাকিব হোসেন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা ও ফাতেমা-তুজ-জোহরার পরিচিতি তুলে ধরেন। এছাড়া তিনি জেসিএমএস ুবিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার আর.আই.এম. গোলাম রাব্বানী ও খণ্ডকালীন শিক্ষক ও সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমানেরও পরিচিতি তুলে ধরেন।
অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ও বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার আর.আই.এম. গোলাম রাব্বানী তার বক্তব্যে গণমাধ্যম শিক্ষার বাস্তব দিক, দায়িত্ববোধ নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের গণযোগাযোগের জগৎকে বুঝে এগিয়ে চলার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন। তিনি শিক্ষার্থীদের চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনকে দক্ষতা উন্নয়ন ও আত্ম-উন্নয়নের সুযোগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। এখন থেকেই যেনো তারা সময় নষ্ট না করে দক্ষতা অর্জনে মন দেয় এ বিষয়ে জোর দিতে বলেন।
বিভাগীয় শিক্ষক ও সহকারী প্রক্টর রাকিব হোসেন শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা এবং যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালার বিষয়ে অবহিত করেন।
জেসিএমএস বিভাগের প্রভাষক সাঈদ ইবরাহীম রিফাত শিক্ষার্থীদের একাডেমিক কাঠামো, কারিকুলাম এবং কোর্স ইভালুয়েশন সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন।
প্রভাষক ফাতেমা-তুজ-জোহরা বিভাগের সুবিধাদি, বিভিন্ন একাডেমিক সহায়তা এবং সম্ভাব্য ক্যারিয়ার আউটকাম তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদেরকে বিভাগীয় সকল সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন।
জেসিএসএস বিভাগের খণ্ডকালীন শিক্ষক মোস্তাফিজুর রহমানও নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী চার বছর শেষে এই শিক্ষার্থীরা প্রত্যেকেই মিডিয়া জগতের মানদণ্ডে অত্যন্ত দক্ষ হয়ে উঠবে।
বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এরপর শিক্ষকবৃন্দ নবাগত শিক্ষার্থীদের পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।
এছাড়াও কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার ২০২৫ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণে দিনব্যাপী এই কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। তিন পর্বের এই আয়োজনে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ, নির্বাহী পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ, পরীক্ষানিয়ন্ত্রক, প্রক্টর, এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ। জেসিএমএস বিভাগের শিক্ষার্থীরা বিকেল ৩টার পর্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে।
তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়। অংশ গ্রহণ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় দুপুর ১২টায়। অংশ গ্রহণ করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীরা। শেষ পর্ব শুরু হয় বিকেল ৩টায়। এতে অংশ নেন জেসিএমএস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইন ও মানবাধিকার, ফার্মেসি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীরা।