বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘The Career Impact of Phonics and Phonetics Skills beyond the Classroom’ শীর্ষক এক বিশেষ সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, লেখক, ফনেটিশিয়ান ও শিক্ষা উদ্যোক্তা মুহাম্মাদ ইয়াসির।
সেমিনারটি সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও TESOLBD-এর সদস্যগণসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ড. মো. ফয়জার রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং মূল বক্তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সেমিনারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
মুহাম্মাদ ইয়াসির তাঁর তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক আলোচনায় ইংরেজি ভাষা শিক্ষায় ফনিক্স ও ফোনেটিক্স দক্ষতার প্রয়োজনীয়তা, এর ব্যবহারিক প্রয়োগ এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি এবং ক্যারিয়ার অগ্রগতির কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারের দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান বলেন- “ফনিক্স ও ফোনেটিক্স কেবল একাডেমিক বিষয় নয়, বরং শিক্ষার্থীদের পেশাগত অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় সফলতার জন্য অপরিহার্য একটি দক্ষতা। আজকের সেমিনার শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা।”
সবশেষে বক্তা, অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।