বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট “Political Science Football Mania – Season 1”–এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। ফাইনালে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল— Cicero Challengers এবং Socrates Thunders।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান ও টুর্নামেন্ট সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে চমৎকার পারফরম্যান্সে Socrates Thunders ৪–৩ গোলে Cicero Challengers–কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. একরামুল হোসেন, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট ম্যানেজার মো. রায়হান চৌধুরী ও মো. বিজয় আলী, কনভেনার, ডি-এইড ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর মো. শহিদুর রহমান। তিনি চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন। এছাড়া ম্যান অব দ্য ফাইনাল, বেস্ট গোলকিপার ও বেস্ট স্কোরারসহ বিশেষ পুরস্কারও প্রদান করা হয়।
পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বীকৃত রেফারিগণ— মো. তানভীর ইসলাম, মো. মোবারক হোসেন ও সৈকত বাস্কে। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে ডি-এইড ক্লাব, যা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি সক্রিয় শিক্ষার্থী সংগঠন হিসেবে নেতৃত্ব, সৃজনশীলতা ও দলবদ্ধ চেতনা বিকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে।